ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা, গাজীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বাংলাদেশে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
এনসিএস জানায়, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।
তারা আরও জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ৬।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনে অপ্রস্তুত নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তখন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এদিন সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এর ঠিক এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৪ দশমিক ৩।
প্রথমে দুই ভূমিকম্পের উৎপত্তিস্থলই ঢাকার বাড্ডা বলা হলেও পরে তথ্য সংশোধন করে তিনি জানান, প্রথম কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এবং দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে। একইদিন সকালেও নরসিংদীর পলাশ উপজেলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
তার আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হওয়া ভূমিকম্পে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০০ জনের মতো মানুষ আহত হন। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
Leave a Reply