ঢাকা, ০১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে।
মেজর হাফিজ বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ভুলিয়ে দিতে এ অন্তর্বর্তী সরকার কাজ করছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করছে। একাত্তরের মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে, যা অন্য কোনো আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়। এই দেশের জন্মই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।’
তিনি আরও বলেন, ‘আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।’
জুলাই সনদ নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, তারা সনদ সম্পন্ন করবেন। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।’
মেজর (অব.) হাফিজ বলেন, ‘নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছাসত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে।’
Leave a Reply