আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা “মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে” ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগের চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী পৌর শহরে।
নিহত প্রসূতি পারভীন আক্তার পারুল বেগম (২৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা এবং উপজেলা মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারুল বেগম প্রসব বেদনা অনুভব করলে তাকে শুক্রবার রাতে মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে শনিবার সকালে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সিজারিয়ান অপারেশন করেন। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পরেই নবজাতক ও প্রসূতি মা দুজনেই মারা যান।
এ ঘটনায় স্বজন ও স্থানীয়রা ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং ক্লিনিকে ভাঙচুর চালান। একপর্যায়ে অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে ক্লিনিকের কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তদন্ত চলছে।”
নিহত পারুল বেগমের পরিবার ও স্থানীয়রা দোষী চিকিৎসক ও ক্লিনিক মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply