বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ : পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানা ছুটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন

টঙ্গী (গাজীপুর), ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি পুলিশ বক্সে ও মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় ‘মন্ডল গ্রুপ’-এর একটি গার্মেন্টস কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালায়। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসে। বেলা ১২টার দিকে বিপুল সংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা এলাকার একটি পুলিশ বক্সের ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষ ও অগ্নিসংযোগের কারণে বেলা ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি-অপরাধ দক্ষিণ) উপকমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা বেশ কিছু জায়গায় আগুন দিয়েছে। তবে পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বিস্তারিত বলা যাবে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর এলাকার অন্তত ৭০টি গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর