বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সরকারি কাজে নতুন ঠিকাদারদের জন্য অভিজ্ঞতায় বড় ছাড়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন

সরকারি পর্যায়ে মাটি কাটা, রাস্তা, খাল, সেতু ও কালভার্ট সংস্কারের মতো উন্নয়ন কাজে নতুন ঠিকাদারদের অংশগ্রহণ সহজ করতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনা হচ্ছে। নতুন এ সিদ্ধান্তের আওতায় ১০ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হচ্ছে। মূলত সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) অধীনে লটারির মাধ্যমে নতুন ঠিকাদারদের কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) এবং অন্যান্য কেনাকাটার ক্ষেত্রে এই শিথিলতা কার্যকর থাকছে না। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠান কত টাকায় কাজ বা সেবা কিনতে আগ্রহী, তা উল্লেখ থাকে না।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সূত্রে জানা গেছে, বর্তমান বিধিমালা সংশোধন করে নতুন উদ্যোক্তাদের জন্য তিনটি ধাপে সুযোগ নিশ্চিত করা হবে। প্রথম ধাপে এক কোটি টাকা পর্যন্ত যেকোনো পূর্ত কাজে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না; শুধুমাত্র ট্রেড লাইসেন্স, টিআইন, ভ্যাট নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র থাকলেই দরপত্রে অংশ নেওয়া যাবে। দ্বিতীয় ধাপে পাঁচ কোটি টাকা পর্যন্ত কাজের জন্য ছোট কাজের অভিজ্ঞতার প্রমাণ দেখাতে হবে। আর তৃতীয় ধাপে ১০ কোটি টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রেও অভিজ্ঞতা সংক্রান্ত শর্ত বজায় রাখা হয়েছে। এর আগে ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় ৩ কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজে দরপত্রে অংশ নিতে ঠিকাদারদের অভিজ্ঞতার দরকার নেই বলে সরকারি ক্রয় বিধি সংশোধন করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সরকার ‘গণখাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করে, যেখানে গত ২০ বছরে বিভিন্ন প্রতিকূলতার কারণে সরকারি কেনাকাটায় অংশ নিতে না পারা সুযোগবঞ্চিত ব্যক্তিদের জন্য সুযোগ রাখা হয়েছিল। তবে সেই উদ্যোগের উদ্দেশ্য পুরোপুরি সফল না হওয়ায় এখন বিধিমালা নতুন করে সংশোধন করা হচ্ছে। বর্তমানে সীমিত দরপত্র পদ্ধতিতে ৫ কোটি টাকা পর্যন্ত অভিজ্ঞতা ছাড়া কাজ পাওয়ার যে সুযোগ রয়েছে, তা আরও সম্প্রসারিত করা হচ্ছে। সুযোগবঞ্চিত ব্যক্তি বলতে বোঝানো হয়েছে, অধ্যাদেশ কার্যকর হওয়ার আগের ২০ বছরের মধ্যে বৈধ নিবন্ধন বা লাইসেন্স থাকা সত্ত্বেও সরকারি কেনাকাটায় অংশগ্রহণের প্রয়োজনীয় সুযোগ বা অনুকূল পরিবেশের অভাবে কোনো সরকারি ক্রয়প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি অথবা অংশগ্রহণ করেননি।

সংশোধিত বিধিতে বিদেশি কোম্পানির অংশগ্রহণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে বিদেশি কোনো কোম্পানি বাংলাদেশের দরপত্রে অংশ নিতে চাইলে তাদের স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাধ্যবাধকতা থাকলে বিদেশি কোম্পানি এককভাবে কাজ পাওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে দেশীয় পণ্য কেনাকে বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে ট্রান্সফরমারের মতো পণ্য বিদেশ থেকে আমদানি না করে স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা হয়। সংসদের এ অধিবেশনে সংশোধিত আইনটি পাস হবে। যেমন দেশে যদি কোনো ভালো ট্রান্সফরমার থাকে, তাহলে তা বিদেশ থেকে আমদানি না করে দেশ থেকে নিতে হবে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কাজে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন এ উদ্যোগ এসেছে।

বিগত সাড়ে ১৫ বছর তৃণমূলে বিএনপি নেতা-কর্মীরা সরকারি কোনো কাজ পাননি বলে অভিযোগ রয়েছে।

এ প্রেক্ষাপটে চলতি বছরের ৮ জুন তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে রাষ্ট্রপতি, সংসদে বলেছিলেন যে, বিগত সময়ের সুবিধাভোগী ঠিকাদারদের একচেটিয়া প্রভাব ঠেকাতে বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পর্যালোচনা করা হচ্ছে। টিআইবির এক প্রতিবেদন অনুযায়ী, অতীতে দশটি মন্ত্রণালয়ের ৬১ শতাংশ কাজ মাত্র ৫ শতাংশ ঠিকাদার বাগিয়ে নিয়েছিল। ঠিকাদারের ‘উপহার’ ঘুষ নয়—প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে টিআইবির ক্ষোভ, ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী।

বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান জানিয়েছেন, সারা দেশে নতুন ঠিকাদারদের যুক্ত করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হচ্ছে। নতুন বিধিতে আরও কিছু প্রস্তাব রাখা হয়েছে, যা জনমত যাচাইয়ের পর চূড়ান্ত করা হবে। এ বছরের মধ্যেই সংশোধিত বিধিমালা অনুমোদনের আশা করছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এক জেলার ঠিকাদার অন্য জেলার সীমিত দরপত্রে অংশ নিতে পারবেন না, যা কাজের বিকেন্দ্রীকরণ ও স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর