শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানো দুই মোটরসাইকেলচালক আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে টাকা পরিশোধ না করে পালানোর ঘটনায় দুই মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় ফিলিং স্টেশনের কর্মীরা। গত শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক দুজন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা শান্ত রহমান (২০)। ঘটনার সূত্রপাত হয় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে অবস্থিত চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে। ওই প্রতিষ্ঠানের মালিক ও জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক তসলিম আরিফ জানান, রাত ৯টা ৪৮ মিনিটের দিকে অভিযুক্ত দুজন মোটরসাইকেলে এসে ১ হাজার ৭৫০ টাকার তেল নেন। এরপর কৌশলে পাম্পের কর্মীকে ব্যস্ত রেখে তাঁরা টাকা না দিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন। একজন মবিল নেওয়ার কথা বলে কর্মচারীকে পাম্পের কার্যালয়ে পাঠান এবং দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

এর প্রায় পৌনে এক ঘণ্টা পর রাত ১০টা ২৫ মিনিটের দিকে তাঁরা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে উপস্থিত হন। সেখানেও একই কায়দায় দুই মোটরসাইকেলে আরও ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন। প্রথম পাম্পের মালিক তসলিম আরিফ আগেই হাইওয়ে ফিলিং স্টেশন ও সরোজগঞ্জ এলাকার পাম্প মালিকদের সতর্ক করেছিলেন। এতে পাম্প সংশ্লিষ্টরা আগে থেকেই প্রস্তুত থাকায় ধাওয়া করে তাঁদের আটক করতে সক্ষম হন। পাশাপাশি বিষয়টি সরোজগঞ্জ এলাকার পেট্রলপাম্পের মালিককে জানানো হয়।

পুলিশ সুপার পুরো বিষয়টি জানার পর আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ফিলিং স্টেশনের মালিকপক্ষের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর