দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ, মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ৩৯ বছর বয়সে ক্যানসারের সাথে লড়াই করে শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর মা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম। শনিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের পরিচিতি তৈরি করেছিলেন তুলনা আল হারুন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। এরপর আহ্ছানিয়া মিশন হাসপাতালসহ ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। সবশেষ পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরবর্তী বায়োপসি পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে এবং জানা যায় যে রোগটি ইতিমধ্যে শরীরে ছড়িয়ে পড়েছে। ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা, ৩৪ বছরেই চলে গেলেন আরজে মেটি।
শারীরিক অবস্থার অবনতি নিয়ে মা আমেনা বেগম জানান, অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন তুলনা শারীরিকভাবে বেশ ভালো ছিলেন এবং পরিবারের সদস্যদের সাথে হাসিখুশি কথা বলেছেন। তবে শুক্রবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর হার্ট অ্যাটাক হয় এবং রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে ছিলেন তুলনা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন। তাঁর অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। ব্যক্তিজীবনের নানা চড়াই–উতরাইয়ের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ছিল তুলনার। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুন জার্মানিতে থাকেন।
Leave a Reply