নাটোরের বনপাড়ায় একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৩২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদের নেতৃত্বে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত নাটোরের বিভিন্ন স্থানীয় হাসপাতালসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে যাত্রী আটকে থাকায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।
দুর্ঘটনার ফলে নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়। এখন পর্যন্ত হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
Leave a Reply