মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া কাটাখালী খাল পুনরুদ্ধারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে উপজেলার শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় খালের দুই পাড়ের অর্ধশতাধিক বাসিন্দা এ কাজে অংশ নেন।
স্থানীয়দের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে খালের অন্তত: দেড় কি.মিটারে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে সুবিধা নিশ্চিত করার আশা করা হচ্ছে। কয়েক বছর ধরে খালটি কচুরিপানায় আচ্ছাদিত থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ও বসতবাড়িতে জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন চলাচলেও ভোগান্তি তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন, খলিল শিকদার ও হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে খালটি পরিষ্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না থাকায় এলাকাবাসী নিজেরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, খালটি পরিষ্কার হলে পানি চলাচল স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে খালের পরিবেশও আগের অবস্থায় ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসী জানান, খালের পুরো অংশ পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতাও কামনা করেন, যাতে ভবিষ্যতে খালটি নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় আনা যায়।
স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে এ ধরনের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম অন্য এলাকাবাসীকেও উদ্বুদ্ধ করবে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply