বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) রাত ৮টায় বিজয়-২৪ হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সোহেল রানা জনি, এ এইচ এম সামিউল হাসান ও মো. জামিউল রিয়ন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, “ফল শুধু সুস্বাদু খাদ্য নয়, এটি সুস্থ ও সুষম জীবনের অন্যতম প্রধান উপাদান। মৌসুমি ফল ভিটামিন, খনিজ লবণ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সময়ে তীব্র গরম ও আর্দ্রতার কারণে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। তাই এই মৌসুমের ফুলগুলোতে পানি ও খনিজের পরিমাণ বেশী থাকে। শিক্ষার্থীদের নিয়মিত খাদ্যতালিকায় মৌসুমি ফল অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সুস্থ দেহ ও সুস্থ মনই একজন শিক্ষার্থীকে জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্ব বিকাশে এগিয়ে নিয়ে যায়।”তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।”অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ফল উপভোগ করেন- যা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। এ উৎসবে বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর