মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ০৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ধেয়ে আসা ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত একটি এফ–৩৫সি যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। ড্রোনটি যুদ্ধজাহাজটির দিকে এগিয়ে আসছিল। তবে আঘাত হানার আগেই সেটিকে ভূপাতিত করা হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।
এদিকে ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও ড্রোন ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরের আকাশে উড়ছিল। পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেটিকে ভূপাতিত করে। তবে ড্রোনটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি তাসনিম।
ড্রোন ভূপাতিত করার ঘটনায় প্রতিক্রিয়া জানতে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি সামরিক জাহাজ। ইরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ওই নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হয়। বর্তমানে নৌবহরটি আরব সাগরে অবস্থান করছে।
এ ঘটনার সময় এমন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী শুক্রবার ওই বৈঠক শুরু হওয়ার কথা।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে প্রায় দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: রয়টার্স
Leave a Reply