রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ফিলিপাইনে সাড়ে তিনশ মানুষের বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে : নিহত ১৫, নিখোঁজ ১৪৪

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে সাড়ে তিনশ মানুষের বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। আজ সোমবার ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪৪ জন। খবর আলজাজিরা’র।

ফেরিটি জম্বোয়াঙ্গা শহর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। ফিলিপাইন কোস্টগার্ডের তথ্যমতে, ফেরিটিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাসিলান প্রদেশের মেয়র আরসিনা লাজা কাহিং-নানোহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অন্তত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে কোস্টগার্ড সদস্যদের উদ্ধার অভিযান পরিচালনা ও সমুদ্র থেকে মৃতদেহ উদ্ধার করতে দেখা যায়।

ফিলিপাইন কোস্টগার্ডের কমান্ডার রোমেল দুয়া জানান, ফেরি ডুবে যাওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এটি নিশ্চিত করা হয়েছে যে, ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল না।

বাসিলান উদ্ধারকারী দলের সদস্য রোনালিন পেরেজ বলেন, উদ্ধার কার্যক্রম বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আহতের সংখ্যা বেশি হলেও উদ্ধারকর্মীর সংখ্যা তুলনামূলক কম। ইতোমধ্যে অন্তত ১৮ জন আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিপাইনে সামুদ্রিক দুর্ঘটনা নতুন নয়। দেশটিতে প্রায়ই ঝড়, নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং কখনো কখনো অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত শুক্রবারও একটি কার্গো জাহাজ ডুবে দুই নাবিক নিহত হন। ওই ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা ঘটে ১৯৮৭ সালে। সে সময় একটি যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণ হারান চার হাজার ৩০০-এর বেশি মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর