তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা অবিলম্বে স্থগিত/বাতিলের দাবি জানাচ্ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা। রবিবার সন্ধ্যা সাতটায় গণমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান ও সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ ইব্রাহিম বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত, একতরফা ও চরম বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রকাশিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার কোটা এবং শূন্যপদের সংখ্যা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
নেতৃবৃন্দ আরও বলেন, যেখানে সরকার কর্তৃক ৭ শতাংশ কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করা আছে, সেখানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সেই সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে নিজেদের একক সিদ্ধান্তে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুপাতে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধীনে বিগত নিয়োগগুলোতেও প্রমাণিত হয়েছে। এই বৈষম্যমূলক নীতি পরিহার করে জনসংখ্যার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ সম্পাদন করার জন্য ইতিপূর্বে একাধিকবার জেলা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু জেলা পরিষদ সেই গণদাবিকে ক্রমাগত উপেক্ষা করে চলেছে এবং একের পর এক বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জনসাধারণের অধিকার হরণ করছে।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, জেলা পরিষদের অধীনে যেকোনো নিয়োগের আগে সংস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়ার সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগের ক্ষেত্রে সেই নির্দেশনা নিয়মিতভাবে উপেক্ষা করে চলেছে।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, ৫ আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বৈষম্যমুক্ত বাংলাদেশের মূল চেতনার পরিপন্থী কার্যক্রমে রাঙামাটি জেলা পরিষদ লিপ্ত রয়েছে। দেশের পার্বত্য অঞ্চলের জনগণসহ বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী এমন সাম্প্রদায়িক কার্যকলাপ কোনোভাবেই মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অবিলম্বে স্থগিতসহ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের উদ্যোগ না নিলে, জেলা পরিষদের এই চরম অনিয়মের বিরুদ্ধে পার্বত্যবাসীকে সাথে নিয়ে দুর্বার ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই একপেশে নীতি অব্যাহত থাকলে দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের অবিলম্বে পদত্যাগের একদফা কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply