রাজশাহী, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার রাজশাহীর পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এখনও পর্যন্ত কোনো জোটে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদি আমাদের কোনো জোটে যেতে হয়, তা অবশ্যই নীতিগত কারণে হবে। জুলাই সনদ বা অন্যান্য সংস্কারমূলক উদ্যোগে যারা দেশের স্বার্থে দাঁড়াচ্ছে, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা হবে। তবে যাদের ইতিহাসে দায়িত্ব ও দায়ভার রয়েছে, তাদের সঙ্গে জোট নিয়ে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা নিজেদের শক্তিতেই দাঁড়াতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
রাজনীতিবিদরা মনে করছেন, এনসিপির অবস্থান আগামী নির্বাচনে কেন্দ্রীয় প্রভাব বিস্তার করতে পারে। দলটি নীতিগত অবস্থানকে অগ্রাধিকার দিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোন জোটে যাবে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন বেড়েছে। বিশেষ করে বিএনপির সঙ্গে সম্ভাব্য জোটের খবর রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Leave a Reply