ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার মিরপুর শাহআলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের নবাবের বাগ এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস. এ. সিদ্দিক সাজু।
সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ সাইফুর রহমান লিটন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল রাহিদ রাহাত। এ সময় উপস্থিত ছিলেন শাহআলী থানা বিএনপির আহ্বায়ক এস. এম. কায়সার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, শামসুল কবীর, আযাদ উল্লাহ আজম ও জয়নাল আবেদীন। এছাড়াও ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফছার আলম খান সেলিমসহ স্থানীয় ওয়ার্ড ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস. এ. সিদ্দিক সাজু বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বর্তমান দুঃশাসনের অবসানে প্রতিটি এলাকায় সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে, যাতে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পাশে দাঁড়ানো সম্ভব হয়।’
সভায় বক্তারা দলের চলমান আন্দোলন, ভবিষ্যৎ কৌশল এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যয় লক্ষ্য করা গেছে।
Leave a Reply