শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ঘুষের জন্য হাত বাড়ালে তার হাত অবশ করে দেওয়া হবে : রংপুরে জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৫ সময় দেখুন

রংপুর , ২২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না, আর ঘুষের জন্য হাত বাড়ালে তার হাত অবশ করে দেওয়া হবে।

 

এর আগে ঢাকায় জামায়াতের সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া রংপুর মহানগর জামায়াতের রোকন শাহ আলমের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য রংপুরে আসেন তিনি।

 

ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দলের কেউ সরকারি প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর সামলাব, তারপর বাহির সামলাব। এক দেশে দুই আইন চলবে না। আমরা যদি না নিই, কাউকেও নিতে দেব না।

 

তিনি আরও বলেন, আমরা গর্জন করব সংসদের ভেতরে, গর্জন করব রাজপথে, আর তা আপনাদের সঙ্গে নিয়ে। যারা রাজনীতিতে আসবেন, তাদের বলব, দয়া করে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। রাজপথের মানসিকতা নিয়ে আসবেন। মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। এটি জঘন্য অপরাধ। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছেন, তাদের বলব, ভিক্ষা অনেক বেশি সম্মানজনক।

 

অভিজাত শ্রেণির জন্য জামায়াতের লড়াই নয় জানিয়ে জামায়াতের এ শীর্ষনেতা বলেন, অভিজাত শ্রেণির জন্য লড়াই করব না। অভিজাত শ্রেণির জন্য লড়াই আমার করা লাগবে না কারণ ওরা ওদের স্বার্থ খুব ভালো বোঝে। আমরা লড়াই করব খেটে-খাওয়া কৃষক ভাইয়ের জন্য, শ্রমিক ভাই-বোনদের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, পরিচ্ছন্নতা কর্মী যাদের আমরা অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য।

 

শফিকুর রহমান আরও বলেন, যে দিকে তাকাই, শুধু অপরাধ আর অপরাধই দেখতে পাই। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে সারা দেশ। এসব কালো পর্দা আমরা ছিঁড়ে খানখান করে ফেলব। এমন তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ মাহমুদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর