যশোর, ০১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনে ছাদ ঢালাইয়ের সময় কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু (৪৫)। তবে তাদের পুরো ঠিকানা জানা যায়নি।
সার্কিট হাউজপাড়ার বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, তাদের এলাকার ইকবাল মঞ্জিলটি ৬ তলা বিশিষ্ট ভবন। এর একপাশ নির্মাণ শেষ হলেও অন্যপাশ অর্থাৎ পশ্চিমপান্ত নির্মাণাধীন ছিল। নির্মাণাধীন ৫ তলার কার্নিশ ভেঙে তিনজন নিহতের ঘটনা ঘটে।
ভবনের শ্রমিক মুজিবর রহমান বলেন, কার্নিশ ভেঙে নিহত তিনজন নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, নিহত তিনজনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply