লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে পটকা ফাটানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহিদ হোসেন (২২) এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাবিব আহমেদ (২৩)। জাহিদ স্থানীয় আমজাদ হোসেনের ছেলে এবং লাবিব মৃত শফিউল্লাহর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়। সৌদি আরবে অবস্থানরত রায়পুর পৌরসভা ছাত্রলীগের এক নেতা মো. শাকিল তাদের এই কাজের জন্য এক হাজার টাকা দেন। ওই টাকায় পটকা কিনে তারা থানার পেছনের সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি পটকা ছুড়ে বিস্ফোরণ ঘটায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঞা জানান, হামলার পরপরই পালানোর চেষ্টা করলে অদূরে একাডেমির মাঠে অবস্থানরত ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই নেতার সরাসরি নির্দেশ ও অর্থায়নে এই কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। পুলিশের দাবি, ওই দুই তরুণ এক হাজার টাকার বিনিময়ে থানায় ফটকা ছোড়েন।
Leave a Reply