সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মাদকের খোঁজে গিয়ে মিলল ইতিহাস: শাল্লায় ইস্ট ইন্ডিয়া আমলের সীমানা পিলার উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৮ সময় দেখুন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ২৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকের সন্ধানে অভিযান চালাতে গিয়ে ২০৮ বছরের পুরনো এক বিরল ঐতিহাসিক বস্তুর সন্ধান মিলেছে। উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে “1818” ও “West India” খোদাইকৃত একটি প্রাচীন সীমানা পিলার সদৃশ লোহাজাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। আজ ​রবিবার (২৬ জুলাই) দুপুরে শাল্লা থানা পুলিশ দৌলতপুর গ্রাম থেকে বস্তুটি জব্দ তালিকা প্রস্তুত করে থানায় নিয়ে আসে।

​স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় যুবকরা দৌলতপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি রুপ মিয়া ওরফে রুক্কিয়ার (৫০) পরিত্যক্ত বাড়িতে অভিযান চালান। গোপন তথ্য ছিল সেখানে মাদকের একটি বড় চালান গোপন করা রয়েছে। তবে পুরো বাড়ি তল্লাশি চালিয়ে কোনো মাদকের সন্ধান না পাওয়া গেলেও ঘরে রাখা প্রাচীন এই সীমানা পিলারটি নজরে আসে তাঁদের। এ সময় মাদকবিরোধী কমিটির উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যান রূপ মিয়া।

​পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে বস্তুটি উদ্ধারের পর গ্রামের গণ্যমান্য ব্যক্তি মোঃ আঃ হেকিমের হেফাজতে রাখা হয় এবং পুলিশকে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরিফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার নূরুল হকসহ এলাকাবাসীর উপস্থিতিতে বিধি মোতাবেক আঃ হেকিমের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

​স্থানীয় ওয়ার্ড মেম্বার নূরুল হক বলেন, ​”রুপ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমরা মাদকের চালানের সন্ধানে তাঁর বাড়িতে গিয়ে এই প্রাচীন সীমানা পিলারটি দেখতে পাই। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসআই মোঃ শওকত আলী জানান, ​”সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে বস্তুটি জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়েছে। এটি বেশ প্রাচীন এবং ঐতিহাসিক একটি বস্তু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত বস্তু বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। একই সাথে এটি কোথা থেকে এলো এবং এর পেছনে অন্য কোনো পাচারকারী চক্র জড়িত কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর