শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩২ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা চত্বরে আয়োজিত এ মহোৎসবের শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এ দেশের সকল ধর্মের মানুষের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি সকল মানুষের আনন্দ ও সম্প্রীতির উৎস। তাই দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রথযাত্রা উদ্বোধনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী ও আলীমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক, গোলাম মোস্তফাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদ সরকার। এছাড়াও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভক্তিমূলক সংগীত, প্রার্থনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর