ধামরাই (ঢাকা), ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন হলো। আগামী শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব সমাপ্তি ঘটবে।
ধামরাই উপজেলা প্রশাসন ও উদযাপন কমিটি উদ্যেগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মো. তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহম্মেদ ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
ঐতিহাসিক এই রথযাত্রা উৎসবকে ঘিরে ধামরাই পৌরশহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেলার প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ’ সদস্য নিয়োজিত রয়েছে। পুরো মেলাস্থল সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে।
Leave a Reply