মোঃ শাহাদাৎ হোসেন, (ফরিদপুর), ১৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর এলাকার বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, সংসদকে দেশের সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি যা বলে, তা কাজের মাধ্যমেই প্রমাণ করে। জুলাই সনদ বাস্তবায়নও বিএনপির মাধ্যমেই হবে।
দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর এলাকার বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
উদ্বোধনের পাশাপাশি তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
জানা গেছে, ভাঙ্গা উপজেলায় মোট তিনটি খাল খননের পরিকল্পনা রয়েছে। এছাড়া ফরিদপুর জেলায় মোট ১৯টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রমও এ কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং পুলিশ সুপার নজরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply