লক্ষ্মীপুর, ১৩ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদা খাল পরিদর্শনে গিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে।
মন্ত্রী বলেন, দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।
তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। পাশাপাশি সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুরের ৩টি খাল পরিদর্শন করছি।
এ্যানি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমরা যে খাল খনন কার্যক্রম হাতে নিয়েছি, সবার আগে খালগুলোতে যে হারে বর্জ্য আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে হবে। অবৈধ দখলমুক্ত করতে হবে। তাহলে জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। নয়তো জনগণ সুফল পাবে না।
এসময় উপস্থিত ছিলেন মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্যাহ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
Leave a Reply