শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

প্রয়াত ৪বারের এমপি মুন্নুর মেয়ে আফরোজা খানম রিতা প্রথম এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ সময় দেখুন

ঢাকা, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের নবনির্বাচিত এমপি আফরোজা খানম (রিতা)। স্বাধীনতার পর এ আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের ২৫ মন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এসময় শপথ নেন আফরোজা খানমও। মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। পাশাপাশি তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

তার বাবা, প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন আফরোজা খানম। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তিনি।

এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

আফরোজা খানমের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির খবরে জেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর