আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। উত্তরের মানুষ নির্বাচন এলেই বেশ উৎসবের সাথে তা উপভোগ করেন।কোন কিছুর আশায় নয়,বরং ভোট কেন্দ্রে সবার আগে নিজের ভোট দিতে পারার আনন্দটাই তাঁদের কাছে বেশী উপভোগের। এবারে জমে উঠেছে ২৪-রংপুর,৬-পীরগঞ্জ সংসদীয় আসনের ভোটের মাঠ। দিনের কর্মসূচির পাশাপাশি রাতের তীব্র শীতকে উপেক্ষা করে চলছে সকল প্রার্থীর নির্বাচনী প্রচারণা। কেহ কারও নাহি ছাড়ে সমানে সমান।
রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে পীরগঞ্জ আসনটি বিভিন্ন কারণে বেশী গুরুত্বপূর্ণ। স্বাধীনতা পরবর্তী এ আসনটি আওয়ামীলীগের দখলে থাকলেও পঁচাত্তরের পট পরিবর্তনের সাথে সাথেই দৃশ্য পাল্টাতে শুরু করে। শুরু হয় রাজনীতির পালাবদল।বিএনপির আগমন,কিছুদিনের মধ্যেই একাশি সালে তীব্র ধাক্কার পর সেনাশাসক ক্ষমতা দখল করে রাজত্ব করেন। নতুন দল জাতীয় পার্টির নয় বছরের শাসনামল সবারই জানা।নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকামী সকল দলের অংশ গ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হলেও এ আসনটি জাতীয় পার্টির দখলেই থেকে যায়। ২০০৯ সালের পর এ আসনটি আবার চলে যায় আওয়ামীলীগের দখলে।
সকল রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ না থাকায় ভোটের মাঠে এখন বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী বেশ অপ্রতিরোধ্য। বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো. সাইফুল ইসলাম রংপুর জেলা বিএনপির আহবায়ক। বিগত সরকারের আমলে অনেক হামলা-মামলার শিকার হয়ে কোণঠাসা ছিলেন এতদিন। বর্তমানের সাইফুল ইসলামের ধানেরশীষ নিয়ে সকল ভোটারের মন জয় করতে নতুন নতুন কৌশলে বেশ এগিয়ে রয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টির দূর্গ খ্যাত এ আসনে প্রার্থী সংকটের কারণে দলীয় প্রার্থী জনাব নূরে আলম মিয়া লাঙল প্রতীকে সেই এরশাদীয় ইমেজ কাজে লাগানোর আপ্রাণ চেস্টা করে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ মজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল সহকারি অধ্যাপক মাওঃ নুরুল আমিন জামায়াত ইসলামীর হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন।
পীরগঞ্জ আসনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী সংখ্যা মোট আটজন। বিএনপি মো. সাইফুল ইসলাম,জাতীয় পার্টি মো. নূরে আলম মিয়া,
ইসলামী আন্দোলনের মাওলানা সুলতান মাহমুদ, স্বতন্ত্র মো. মাহবুবর রহমান, মো. সাদেকুল ইসলাম, আবু জাফর মো. জাহিদ ও তাকিয়া জাহান চৌধুরী। এ আসনে প্রার্থী সংখ্যা আটজন হলেও স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল লড়াই হবে বিএনপির সাইফুল ইসলাম ও জামায়াতে ইসলামীর মাওঃ নুরুল আমিনের মধ্যেই। এখন অপেক্ষা-শেষ বিজয়ের হাসিটা কার হবে?
ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা?
Leave a Reply