রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। এই নির্বাচনের ফল কী হবে, তা নির্ধারণ করবেন কেবল বাংলাদেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কাজ করবে।
বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শুরু হয়।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে সিইসি তাকে বিস্তারিত জানিয়েছেন। এসব তথ্য নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে তার নিশ্চিতকরণ শুনানির সময় থেকেই তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী। নির্বাচনের দিনটির দিকে তাকিয়ে আছেন এবং ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি জানতে পেরেছেন, নির্বাচনকে একটি উৎসবমুখর দিনে পরিণত করার প্রত্যাশা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ ভয় ও বাধাহীন পরিবেশে তাদের মতামত প্রকাশ করতে পারবে।
তবে এ সময় জাতীয় নির্বাচন নিয়ে অতিরিক্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত কোনো মন্তব্য না করে ‘সরি’ বলে স্থান ত্যাগ করেন।
Leave a Reply