কুমিল্লা, ২৬ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রবিবার রাতে ৯টা সময় কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী মো. কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলটি আন্তরিকভাবে চেষ্টা করবে বলে তিনি জানান।
তারেক রহমান বলেন, দেশে বর্তমানে বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি সরকার গঠন করতে পারলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে।
কৃষকদের বিষয়ে তিনি বলেন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকরা প্রয়োজনীয় সহায়তা সহজে পাবেন বলে জানান তিনি।
বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে তোলা হবে। পাশাপাশি ঘরে বসে কাজ করা নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। তাদের তৈরি পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
ধর্মীয় নেতাদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চান না। জনগণ জানতে চায় বিএনপি ক্ষমতায় গেলে কী করবে—সেই বিষয়গুলোই তুলে ধরতে চান তিনি।
তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় নিরাপত্তা, ভালো শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান। এসব বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম আসনের বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা। আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর)–এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ উপলক্ষে বিকাল থেকেই এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে থাকে। মাঠ ছাড়িয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুপাশেও অবস্থান নেন তারা।
Leave a Reply