ঢাকা, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “সবাই চান একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী আগের মতোই ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে কাজ করবে। আরপিও অনুযায়ী মোতায়েনের বিষয়টি চূড়ান্ত করা হবে।”
আখতার আহমেদ জানান, “নির্বাচনে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। সেনাবাহিনীর পাশাপাশি দেড় লাখ পুলিশ মাঠে কাজ করবে। সবচেয়ে বেশি সদস্য আসবে আনসার বাহিনী থেকে।”
ইসি সচিব আরও বলেন, “নির্বাচনি প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য।”
পূর্বের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, আগে নির্বাচনের সময় পাঁচ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকত। এবার তা আট দিনে বাড়ানোর প্রস্তাব এসেছে। “প্রস্তাব হলো, ভোটের আগের তিনদিন, ভোটের দিন এবং ভোটের পরের চারদিন বাহিনী মাঠে থাকবে—এটা আমরা পরীক্ষা করে দেখব,” বলেন তিনি।
লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে আখতার আহমেদ জানান, “লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে, বাকিগুলো উদ্ধারের কাজ চলছে।”
ইসি সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আগামী দিনগুলোতে আরও কয়েক দফা বৈঠক করবে কমিশন।
Leave a Reply