বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ সময় দেখুন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো

 

তিনি বলেছেন, জুলাই সনদ দিয়ে বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে।

 

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই সনদ দিয়ে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। এটা হলো গণঅভ্যুত্থানের দ্বিতীয় অংশ। আমরা পুরোনো কথাবার্তাগুলো পালটে ফেলে নতুন কথাগুলো আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম। সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনা-অনেকগুলো বিষয়ে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসলাম।’

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হবো। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।’

 

আজ শুক্রবার বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে বিকাল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে পাঁচটা পাঁচ মিনিটে প্রথমে রাজনৈতিক দলগুলোর দুজন করে প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যরা স্বাক্ষর করেন। এরপর পাঁচটা সাত মিনিটে সনদে স্বাক্ষরের করেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষরের পরে তারা সনদ উঁচিয়ে ধরে দেখান।

 

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান সনদে স্বাক্ষর করেন।

 

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।

 

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করেনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদও জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর