মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

প্রতীক নিশ্চিত করতে এনসিপিকে চিঠি দেবে ইসি : জাতীয় জনতা পার্টিসহ ৩ রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, প্রতীক নিশ্চিত করা জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে।

 

তিনি জানান, ৩টি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।

 

এছাড়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় রয়েছে। তারা নিবন্ধন পাবে।

 

আখতার আহমেদ আরও বলেন, ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। সেগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির শাপলা প্রতীক চাওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ‘নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল তাদেরও দেওয়া হয়নি। তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এত কথা কেন? শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। কোনো দল কিংবা দেশের জনগণ চিঠি দিতেই পারে। কিন্তু এতে কোনো সমস্যা নেই। ইসি কারও কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায়।’

 

সিইসি বলেন, ‘সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে আশা প্রকাশ করে। রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়তে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই। কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে। নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত মাসেই চেয়েছিল ইসি, তবে কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না সংস্থাটি। তাই যাদের বিরুদ্ধে নতুন করে আপত্তি আসছে তাদের ব্যাপারে পুনরায় খোঁজ নেওয়া হচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটারদের ভোট নিতে সফল হবে ইসি। রমজানের আগে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। ঐতিহাসিক নির্বাচন করতে চায় কমিশন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর