শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০১ সময় দেখুন

ঢাকা, ৩১ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলেই তা জব্দ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

আজ রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে সাশ্রয়ী দামে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

 

রিজওয়ানা হাসান বলেন, এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

প্লাস্টিকের দূষণ থেকে সামগ্রিক আগ্রাসন কমাতে পাটের ব্যবহারের পরিসর বাড়ানোর তাগিদ দিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, যারা প্লাস্টিকের ব্যাগ উৎপাদন করতেন, তারা যদি পাটের ব্যাগ উৎপাদনে মনোনিবেশ করেন, তাহলে এই খাতে দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পাশে থাকবে সরকার।

 

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিলিয়ন ডলারের আমদানি করা প্লাস্টিক পণ্যের বিকল্প পাটের ব্যবহার বাড়ানো গেলে অর্থনীতির গতি বাড়বে। সামনের দিনে পাটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

 

উপদেষ্টা আরও বলেন, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। অন্যদিকে পাটের তৈরি ব্যাগ পরিবেশবান্ধব ও কর্মসংস্থান সৃষ্টিকারী। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় টিসিবির ডিলার ও বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

 

অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির ৬০টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানীজুড়ে। কাঁচাবাজারের বিক্রেতা কিংবা ক্রেতা, যে কেউই সংগ্রহ করতে পারবেন ভর্তুকি মূল্যের এসব ব্যাগ। মান ও আকারভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে ২০-৮০ টাকা পর্যন্ত। শিগগির দেশজুড়ে এর পরিসর বাড়ানো হবে।

 

অনুষ্ঠানে উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর