বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে : রুহুল কবির রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৭ সময় দেখুন

ঢাকা, ১২ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর উত্তরের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিটফোর্ড এলাকায় পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল এতে বিএনপিকে কালার করা ও রংচং দেয়ার চেষ্টা করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?

 

রিজভী বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় বিএনপি বা বিএনপির অঙ্গসংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বড় দল। কোনো ছিদ্রপথে দু-একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে সেটা সব সময় হয়তো খোঁজ রাখা যায় না। কিন্তু দুষ্কৃতকারীরা কোনোভাবে যদি চিহ্নিত করা যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল কখনোই কার্পণ্য করেনি।’

 

সুশাসন প্রতিষ্ঠা করতে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে রিজভি বলেন, ‘জিয়াউর রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছিলেন। দুষ্কৃতকারীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করেননি।’

 

বিএনপির এই নেতা বলেন, ‘কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ঝরানো, মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত, এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। যারাই অপরাধ করছে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়া হয়েছে। দুই-একটি রাজনৈতিক দল মিছিল করে, বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। আপনাদের অতীত ভুলে যাইনি আমরা। মিছিল করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।’

 

অপরাধী যেন দলের মধ্যে ঢুকে মাথা চাড়া দিতে না পারে সেদিকে নজর রাখতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে রিজভী বলেন, ‘আমি প্রশাসনকে ফোন করে বলেছি, অপরাধী যত প্রভাবশালী হোক তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না।’

 

কিন্তু পুলিশ সেটি করছে কি না প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করছেন? নাকি আপনারা চাচ্ছেন, এই ধরনের ঘটনা বাড়তে থাকুক। আর দায় বিএনপির ঘাড়ে চাপানো যাবে?’

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর