তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),৩০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):‘আদিবাসী’ পরিচয়ের দাবিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্য ও সংস্কৃতি উপদেষ্টার লাগামহীন কার্যক্রমের বিরুদ্ধে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ সোমবার সকালে রাঙামাটি জেলা শহরের বনরূপা পুলিশ বক্সের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, বরকল উপজেলা সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও জেলা প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,সংবিধানবিরোধী ‘আদিবাসী’ শব্দের ব্যবহার ও প্রচার বন্ধে রাষ্ট্রকে স্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে। যদি কোনো ব্যক্তি দায়িত্বে থেকে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তারা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ হোক সংবিধানের কাঠামোর মধ্যে—সাংগঠনিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে নয়। পার্বত্য অঞ্চলে বাঙালি ও অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সমবিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
সমাবেশ শেষে রাঙামাটি জেলা সদর কাঠালতলী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়।
Leave a Reply