মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২৪ জুন (মঙ্গলবার ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট গবেষক আনিসুর রহমান আনিস।
সাক্ষাৎকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, আদর্শ ও রাষ্ট্রদর্শনকে নিয়ে রচিত গবেষণাধর্মী সংকলন ‘জিয়া সমগ্র’ গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে ইউজিসি চেয়ারম্যানের হাতে তুলে দেন শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি। গবেষণা ও প্রকাশনার এ অসাধারণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ইউজিসি চেয়ারম্যান।
এ সময় প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেন, “একজন রাষ্ট্রনায়কের জীবন ও আদর্শ নিয়ে গবেষণাধর্মী কাজ জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে। শহীদ জিয়াউর রহমানের জীবন, নেতৃত্ব ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গ্রন্থটি নিঃসন্দেহে আমাদের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন আলোকধারা তৈরি করবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের গবেষণামূলক প্রকাশনা আরও বাড়ানো উচিত, যাতে আমাদের শিক্ষার্থীরা ঐতিহাসিক ব্যক্তিত্বদের বিষয়ে বস্তুনিষ্ঠ ও গভীর জ্ঞান অর্জন করতে পারে।”
প্রসঙ্গত, ‘জিয়া সমগ্র’ গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন গবেষক গোলাম কাদের, আন্তর্জাতিক তরুণ কৃষি বিজ্ঞানী, পবিপ্রবির মেধাবী শিক্ষক ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার, ড. মশিউর রহমান, আজিজুল হাই এবং মশিউর রহমান মিলন। গ্রন্থটিতে শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আন্তর্জাতিক কূটনীতি এবং আত্মত্যাগের গল্প বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুকিত খান জুয়েল, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, প্রচার সম্পাদক আজিম হোসেন, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা নান্নুসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে ইউজিসি চেয়ারম্যান গবেষণায় উৎকর্ষ সাধনে শহীদ জিয়া গবেষণা পরিষদকে সকল প্রকার প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। এই সৌজন্য সাক্ষাৎ শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
Leave a Reply