রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ধানমন্ডিতে শপিং মলের নিরাপত্তা কর্মীদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা চুরি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলের জুয়েলার্সের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি সোনা ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদের অভিযোগ, গভীর রাতে শপিং মলের নিরাপত্তা কর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের তালা ভেঙে সোনা ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি সোনা চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা।

ঘটনার পর শপিং মলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

ধানমন্ডি থানার একজন কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শপিং মলটি ঘিরে রাখতে দেখা যায় পুলিশকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, চুরির ঘটনায় চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর