ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান- এমন খবরকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, তার আসার কোনো সম্ভাবনাই নেই।
জাহেদুর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’
তিনি জানান, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে জাদুঘরের মাধ্যমে এই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চান। বলেন, উনি না শুধু, উনার এই পার্টি এই বাংলাদেশে কী করে গেছে? কী পরিমাণ ডিজাস্টার চালিয়ে গেছে প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।
উপদেষ্টা বলেন, জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত এই স্মৃতিকে আমরা সজীব সতেজ রাখতে চাই। বাংলাদেশে এই পার্টি শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরের কিছু না। জনগণ যাতে রিজেক্ট করে। সো আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।
জাহেদুর রহমান বলেন, প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট আছে। একই রকম হাহাকার আছে। প্রত্যেক পরিবারে যে পরিবার সন্তান মারা গেছে সেটা তার একমাত্র সন্তান না। তার অন্য কোনো সন্তানের মধ্যকার একজন সন্তান মারা গেছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, বল প্রয়োগের মাধ্যমে জোর করে ক্ষমতায় থেকে ১৮ বছর যাবত নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে বিনা ভোটে এবং কখনো রাতের বেলায়, মানে দিনের ভোট কেটে এভাবে তারা ক্ষমতায় ছিল। এর আউটকাম হচ্ছে জুলাই গণঅভ্যুথান।
Leave a Reply