রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

গণভোটের গণরায় কার্যকর এবং জাতীয় ঐকমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে : জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেছেন, ‘কোনো কিছুর বিনিময়ে আমরা অবস্থান পরিবর্তন করব না।’ সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চলতি বছরে জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির প্রতি তাদের ও আমাদের বক্তব্য একই ছিল। কিন্তু সরকার গঠনের পর তারা কীভাবে জাতির কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করলেন, অবস্থান বদলালেন? কেন তারা অবস্থান বদলালেন, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। জাতির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, আদৌ বাংলাদেশ বসবাসের জন্য নিরাপদ হবে কি না?’

তিনি বলেন, ‘তারা জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে। কোনো কিছুর বিনিময়ে আমরা অবস্থান পরিবর্তন করব না। সরকারকে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, সমস্যা আপনারা তৈরি করেছেন, আপনাদেরই সমাধান করতে হবে। গণভোটের গণরায় কোনো প্রকার কালক্ষেপণ না করে বাস্তবায়ন করুন; তা না হলে ঐক্য ভঙ্গুর হবে, স্থায়ী হবে না। জনগণ চায় না পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসুক কিংবা নব্য ফ্যাসিবাদ কায়েম হোক।’

জামায়াত আমির বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণা।’

তিনি আরও বলেন, ‘সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে। আমরা এবং তারা বলেছিল, অতীতের নোংরা রাজনীতিতে ফিরে যাব না। কিন্তু স্থানীয় সরকারব্যবস্থা দলীয় লোক ও ক্যাডারদের দ্বারা দখল করা হয়েছে। সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর আমরা জাতিকে স্বস্তিদায়ক জায়গায় নিতে চেয়েছিলাম।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সরকারি দল নিজেদের কর্মীদের নিজেরা হত্যা করছে। পাথর মেরে হত্যা করছে। নারী, শিশু ও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। সারা দেশে মাদকের ঝনঝনানিতে সয়লাব। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ।’

তিনি বলেন, ‘একটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হলে সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। নীরবে জনগণের রক্তশোষণ করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত সমাজের কারণে আজ আমাদের এ অবস্থা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।’

ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘প্রধানমন্ত্রী ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা বসব, তবে জনগণের দাবি নিয়ে, আমাদের দলের দাবি নিয়ে নয়।’

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। পোশাকশিল্পে অস্থিরতা চলছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ সমস্যার স্থায়ী সমাধান সরকার ও শিল্পমালিকদের করতে হবে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে, আমরা তার যথাযথ বাস্তবায়ন চাই। এ ছাড়া শিল্পে নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’

মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মানুষের অধিকার নিশ্চিতে সবার জাগ্রত ভূমিকা প্রয়োজন। একটি বাহিনী কেবল সব করতে পারে না, এজন্য জনগণ ও বাহিনীর সমন্বয় লাগবে। সীমান্তে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে তা রুখে দিয়েছে। দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।’

আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি হলে তা সংসদে উপস্থাপনের দাবি আমরা জানিয়েছি। কারণ এ চুক্তি শুধু সরকারের সঙ্গে নয়, এটি জাতির ভাগ্যের সঙ্গে জড়িত। কী দেওয়া হয়েছে আর কী পাওয়া যাচ্ছে, তা জনগণের জানার অধিকার রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। আমরা দেশ গড়ায় যুবসমাজকে সম্পৃক্ত করতে চাই। যুবসমাজের প্রত্যাশা পূরণে জামায়াত অঙ্গীকারবদ্ধ। যারা এ জাতির ভবিষ্যৎ রচনা করবে। একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

এর আগে অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ‘জুলাই আন্দোলনের পর বর্তমানে বাংলাদেশ কোন পথে, তা বিবেচনার দাবি রাখে। তরুণ ও যুবকদের সেই ত্যাগের বিনিময়ে এক গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে এ জাতি।’

অধিবেশনে জামায়াতের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর