বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

 সারা দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

রাজশাহী, ২৪ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের ঋণসুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে গরু ও হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। মাত্র তিনটি গরু থাকলেও একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা যায়। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ঋণ দেবে।

তিনি বলেন, বর্তমানে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এই ঋণের পরিমাণ ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে রান্নার জ্বালানি পাওয়ার পাশাপাশি জৈব সার উৎপাদন করা যায়। এই সার কৃষিজমির উর্বরতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি সার বিক্রি করে উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। বায়োগ্যাস ব্যবহারে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমার পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী জানান, রাজশাহী জেলার নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতিমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। প্রতিটি গ্রাম বা এলাকায় ৩০টি করে সংযোগ স্থাপন করা গেলে সংশ্লিষ্ট এলাকাকে ‘বায়োগ্যাস পল্লি’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও ভূমিকা রাখতে হবে। এ জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। এ ছাড়া ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মাহফুজুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর