সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ডের অংশ কি না, তা নিয়েও মানুষ এখন বিশ্বাস করতে পারছে না : মিয়া গোলাম পরওয়ার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে সহিংসতা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির কারণে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ডের অংশ কি না, তা নিয়েও মানুষ এখন বিশ্বাস করতে পারছে না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে একের পর এক সহিংসতা, ভাঙচুর ও নৈরাজ্য চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারছে না। পুলিশকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিভিন্ন স্থানে থানা আক্রান্ত হচ্ছে, সরকারি স্থাপনা ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব পরিস্থিতির জন্য সরকারকেও দায় নিতে হবে।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ নামের একটি জেলা যে বাংলাদেশের ভূখণ্ডের অংশ, তা মানুষ এখন আর বিশ্বাস করতে পারছে না। রাষ্ট্র যে সার্বভৌম, এ দেশে যে একটি রাষ্ট্রের অভিভাবক আছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।’

দেশে রাজনৈতিক সহিংসতার অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছি। আমাদের এই ক্ষুদ্র বয়সে থানা থেকে পুলিশ থালাবাটি, রাইফেল, বন্দুক, বিছানাপত্র নিয়ে ভ্যানে পালিয়ে যাচ্ছে, থানা শূন্য হয়ে যাচ্ছে; এ রকম ঘটনা আমরা কোনো দিন দেখিনি। সেটাও দেখা গেল। পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, মিছিল করে যাচ্ছে, গাড়িও ভাঙছে, পুলিশকেও মারছে, অথচ পুলিশ চুপচাপ।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়ে কয়েকটি জেলায় মহাসড়কে গাছ কেটে, ঢাল-সরকি, রামদা দিয়ে সবকিছু বন্ধ করে দিয়েছে। একটি রাষ্ট্রের মধ্যে অরাজকতা, ক্ষমতার দাপট ও অহংকার দেখিয়ে সীমান্তের ওপারের একটি আধিপত্যবাদী শক্তি দিল্লির ইশারায় তারা এ দেশে এসব অপশক্তিকে আসার পথ উন্মুক্ত করে দিচ্ছে।’

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রকাশনা উৎসব থেকে এই তাণ্ডবের তীব্র নিন্দা জানাই। আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত শাসক দলও গত আট-দশ দিনে চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। জানমাল, জীবন-সম্পদ ও সরকারি স্থাপনার নিরাপত্তা দিতে পারেনি। তাদের এই ব্যর্থতার জন্য আমরা তীব্র নিন্দা জানাই।’

সংলাপের বিষয়ে জামায়াত সেক্রেটারি বলেন, ‘পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে চা খেতে দাওয়াত দিয়ে কিছু আলাপ আলোচনা করেছেন। দুজনেই এক জায়গায় ছিলেন। কী আলোচনা দুজনের মধ্যে হয়েছে, দুই নেতা কেউ মিডিয়াতেও প্রকাশ করে নাই। দুইজনে যে এক জায়গায় বসছে এর মধ্যে তো একটা ইতিবাচক প্রভাব আছে। আমরা ওটা বিশ্বাস করতে চাই। তবে আমরা বলব সংলাপের সূচনাটা যেন দেশ জাতির কল্যাণে হয়। অপশক্তি ফ্যাসিবাদের এই তাণ্ডবকে চিরতরে রুখে দেওয়া যায়।’

দেশে ফ্যাসিবাদ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী, ফাঁসির দণ্ড নিয়ে পলাতক খুনি আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করতে হবে এবং তাদের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ দেশের সহস্রাধিক শহীদের জীবন, ৩০ থেকে ৪০ হাজার আহত ও ক্ষতবিক্ষত মানুষের রক্ত, তাদের মা, স্ত্রী ও সন্তানদের কান্নার বিনিময়ে আমরা জুলাই সনদ, গণভোট ও গণরায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ভেঙে দিয়ে একটি নতুন, বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে চেয়েছিলাম।’

সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই গণভোটের গণরায় কার্যকর করার মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে যদি কোনো সংলাপ সামনে এগোয়, তার মধ্যে যেন ইতিবাচক প্রভাব থাকে, সেটাও আমরা শ্রমিক সমাজ দেখতে চাই।’

সবশেষে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ একটি সুখী-সমৃদ্ধশালী দেশের জন্য বারবার রক্ত দিয়েছে। আপনাদের অশুভ খেলা বন্ধ করুন। এ দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য তাদের গণতান্ত্রিক সংগ্রামের সুযোগ দিন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর