দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উৎপাদন ও বিকাশ অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০২৯ সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মাথায় রেখে সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। এই নীতিমালার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব ও রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি জানান, নতুন এই নীতি বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সাল নাগাদ জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে নিয়ে যাওয়া এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে এই খাতকে জাতীয় উৎপাদন ব্যবস্থা ও বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।
ইতালির শিল্প ক্লাস্টার মডেলের আদলে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় সৃজনশীল পণ্যকে আন্তর্জাতিক মান দেওয়ার ওপর জোর দেন তিনি। ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে বাজার সম্প্রসারণ, জিআই ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে।
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রসারে সরকারি উদ্যোগে সিঙ্গাপুর, লন্ডন বা প্যারিসে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিদেশি ক্রেতাদের অর্ডার নেওয়ার সুবিধার্থে ব্যাংকিং সহায়তা ও প্রয়োজনীয় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সম্প্রতি তুরস্কে ‘কপ-৩১’-এ বাংলাদেশের স্টলে জুটসহ বিভিন্ন পণ্যের বিদেশি ক্রেতা আকর্ষণের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, বিদেশি ক্রেতাদের তাৎক্ষণিক অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে।
আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৫০ হাজার উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও ই-কমার্স প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও ব্যয় কমানোর পাশাপাশি পিটিআর প্রবর্তনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
সরকারের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় নতুন ২৫ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন। তিনি দেশীয় শিল্পের অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির ধারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন।
Leave a Reply