প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত গৌরবোজ্জ্বল সাফল্য তাকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। শুক্রবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুরের ভাওরাইদে আলহাজ আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে উপাচার্য এসব সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এসব সাফল্য উৎসর্গ করতে পেরে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। গবেষণায় উৎকর্ষের জন্য পরিচিত বিশ্ববিদ্যালয়টি এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে।
অনুষ্ঠানে উপাচার্য জানান, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কিউএস ও টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অর্জন এখন জাতীয় গৌরবের অংশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং ‘করব কাজ, গড়ব দেশ: সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রের সঙ্গে একাত্ম হয়ে গাকৃবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
প্রতিটি অর্জন উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকারেরই প্রতিফলন।
উপাচার্য বলেন, দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দেশের কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে তার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাদরাসায় অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। সবশেষে মাদরাসার প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপাচার্য নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় হিফজসহ ইসলামী শিক্ষার বিভিন্ন স্তরে অধ্যয়নরত ৪৬ জন এতিম শিশু অংশ নেয়।
Leave a Reply