ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাহলে গোয়েন্দা সংস্থাগুলো কী করছে। তিনি গোয়েন্দা সংস্থার কার্যক্রম ও তাদের দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’
গোয়েন্দা সংস্থার তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘আমরা মাঝে মাঝে সফল গোয়েন্দার তথ্য শুনি, ভুয়া তথ্য। যেটা নিশ্চিত তথ্য, যেটা শতভাগ ভুয়া।’
বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন জামায়াতের আমির।
এ প্রসঙ্গে এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কোনো একটি গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে জামায়াত ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর ওই সংসদ সদস্যকে ফোন নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’
কোনো রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেওয়ার অধিকার গোয়েন্দা সংস্থার কোনো সদস্যের আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এটা একটা অডাসিটি। আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’
Leave a Reply