টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ আজ রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বুধবার বিকেলে ঢাকার তুরাগের নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছিল, তার মাত্র ৫০ গজ দূর থেকে মোটরসাইকেলটি খুঁজে পাওয়া যায়।
এর আগে নিখোঁজ হওয়ার ঘটনায় তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের ভিত্তিতেই পিবিআই উদ্ধার অভিযান পরিচালনা করে। বর্তমানে তিনি উত্তরখান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্ত করছে নৌ পুলিশ।
পিবিআই সূত্রে জানা গেছে, তাহসিফ ২০২২ সালে মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন এবং সেটির এখনো নিবন্ধন সম্পন্ন হয়নি। রিমান্ডে থাকা দীপ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি সেখান থেকে পালিয়ে আসি’। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে তাহসিফ এই মোটরসাইকেলটি কিনেছিলেন।
Leave a Reply