বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ রিক্রুটিং লাইসেন্স পেল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময় দেখুন

গাজীপুর, ২৮ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ সরকারি রিক্রুটিং লাইসেন্স পেয়েছে। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির।

বুধবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের কাছে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই অনুষ্ঠানে তিনি নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের পর মন্ত্রী সেখানে ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটির শিল্প, জাপানি ভাষা এবং আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। প্রশিক্ষণের আধুনিক সুযোগ-সুবিধা ও পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ‘প্রান্তিক ট্রাভেলস’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমেরও উদ্বোধন করা হয়। পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ার কার্যক্রম তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর যে পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাহিনীর কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়াগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে।

তিনি বলেন, জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর