শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিএনপি নেতার পরিচয় দিয়ে ভাইরাল হওয়ার দাবি ইউএনওর, হাততালি নিয়ে তোলপাড়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের রাজনৈতিক বক্তব্যের সময় উপস্থিত থেকে হাততালি দেওয়ার ঘটনায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং তার পক্ষে উপস্থিত সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আপনারা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য যখন মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে এবং প্রার্থীকে বিজয়ী করার জন্য বক্তব্য দিচ্ছিলেন, তখন তার পাশে বসা ইউএনও গোলাম রব্বানী সরদার দফায় দফায় করতালি দিয়ে সমর্থন জানাচ্ছেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি একজন কর্মকর্তার এমন পক্ষপাতমূলক আচরণ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

নিজের এই বিতর্কিত আচরণের বিষয়ে জানতে চাইলে ইউএনও গোলাম রব্বানী সরদার মোবাইল ফোনে রীতিমতো বিস্ময়কর মন্তব্য করেন। তিনি বলেন, সংবাদে লিখে দিন যে সংসদ সদস্যের সঙ্গে ইউএনও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এ সময় তিনি নিজেকে ‘নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ’ হিসেবে অভিহিত করতে বলেন। নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও দাবি করেন, ‘যে সরকার থাকে, আমি সেই দলেরই নেতা। আমার দল হলো সরকারি দল এবং আমার আদর্শ হলো সরকারি দলের আদর্শ।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও উস্কানিমূলক কথা বলেন এবং তাকে সারা দেশে ভাইরাল করার অনুরোধ জানান। ইউএনও দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে যাওয়ার ক্ষমতা তার নেই, এমনকি তার ডিসি বা বিভাগীয় কমিশনারের কাছেও এমন ক্ষমতা নেই। প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সংসদ সদস্যের নির্দেশ মেনে কাজ করাই তার দায়িত্ব বলে তিনি দাবি করেন। এরপর সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই।

ইউএনও’র এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে একজন সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে উপস্থিত থেকে এমনভাবে সমর্থন জানাতে পারেন? বিশেষ করে যখন এমপি প্রকাশ্যে একজন প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দিচ্ছেন, তখন প্রশাসনের একজন কর্মকর্তার এহেন অতিউৎসাহী আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলেও অস্বস্তি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর