শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়ক নিশ্চিতে সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং সাধারণ মানুষ যেন আন্দোলন অব্যাহত রাখে : ইলিয়াস কাঞ্চন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২০ সময় দেখুন

ঢাকা, ০৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিন দশকের বেশি সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার এই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলন যেন অব্যাহত থাকে।

বক্তব্যের শুরুতেই তিনি নিরাপদ সড়ক আন্দোলনের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে বলেন, ৩১ বছর আগে আমার জীবনের গভীর শোক ও বেদনাকে শক্তিতে রূপান্তর করে এই আন্দোলন শুরু করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগ এখন দেশের লাখো মানুষের প্রত্যাশা ও অধিকারের দাবিতে পরিণত হয়েছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তি বা একটি সংগঠনের দায়িত্ব নয়। সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, চালক এবং সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। মানুষের জীবন রক্ষার এই লড়াইয়ে কেউ কারও প্রতিপক্ষ নয়; বরং সবাই একই লক্ষ্য অর্জনের সহযোদ্ধা।

নিজের শারীরিক অবস্থার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। অসুস্থতার কারণে আগের মতো সক্রিয় থাকতে না পারার কথা জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন। তিনি বলেন, আবার সুস্থ হয়ে সবার সঙ্গে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত হওয়ার শক্তি যেন আমি পাই। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আবেগঘন বক্তব্যে আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করে ইলিয়াস কাঞ্চন উপস্থিত সবার উদ্দেশে বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার স্বপ্ন আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, আমি না থাকলেও আপনারা এই দাবিকে বাঁচিয়ে রাখবেন এবং বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন।

১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিনের সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবে পরবর্তীতে ২২ অক্টোবরকে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

নিসচার এই মহাসমাবেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের অতিথি, সংগঠনের নেতাকর্মী এবং নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর