সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সাবেক আইজিপি বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে কোনো তথ্য দুদকের কাছে নেই : দুদক মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৯ সময় দেখুন

ঢাকা, ০২ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। একই সঙ্গে এ সংক্রান্ত প্রক্রিয়ায় দুদকের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেছেন তিনি।

আজ রবিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, বেনজীর আহমেদের মুক্তির বিষয়টি দুদকও গণমাধ্যমের মাধ্যমে জেনেছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য তাদের কাছে আসেনি। তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দুদকের গাফিলতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃদেশীয় আইনি সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুদক প্রত্যর্পণসংক্রান্ত প্রয়োজনীয় নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়। তার দাবি, দুদকের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন ছিল, সবই করা হয়েছে।

বেনজীর আহমেদকে কোন ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে দুদকের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না থাকায় মন্তব্য করা সম্ভব নয়।

দুদক সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় প্রস্তুত করা প্রত্যর্পণ সংক্রান্ত প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বাংলাদেশকে জানায়, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে সব আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।

দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলার তদন্ত চলছে। এর মধ্যে রয়েছে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগ। তার ও পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর