ঢাকা, ২৯ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে বাংলাদেশ-ভারতের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংস্কৃতি, খেলাধুলাসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়েছে, যা দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, এ সফর নিয়ে দিল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিস্তা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত শুধু সীমান্তই ভাগাভাগি করে না, দুই দেশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গভীর বন্ধন রয়েছে।
Leave a Reply