ঢাকা, ২৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী পরিস্থিতি এবং সাংবিধানিক পরবর্তী পদক্ষেপ তুলে ধরতে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাওয়ায় জাতীয় সংসদ ভবনে তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তাসহ বিশেষ ভিআইপি প্রটোকল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জরুরি সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদে কর্মরত বিট সাংবাদিকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবিধানিক পরবর্তী পদক্ষেপ এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এর অংশ হিসেবে দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থার আমূল পরিবর্তন দেখা যায়।
রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছায় এবং স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকল প্রস্তুত করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বিকাল ৪টা ২৬ মিনিটের দিকে এসএসএফের প্রোটকলের গাড়ি ও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য গাড়ি সংসদে পৌঁছায়। সেখানে একটি গাড়ি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য। এসএসএফের প্রটোকলের দুটি গাড়ি দেখা গেছে।
কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল। এর মধ্যেই থাইল্যান্ডে চিকিৎসা সফর শেষে নির্ধারিত সময়ের দুদিন আগেই আজ দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার আগেই স্পষ্ট করেছিলেন, সংসদীয় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই পাঠাতে হয়।
বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
Leave a Reply