ঢাকা, ১৮ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত এক বৈঠকে জানানো হয়, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করবে সরকার। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সেবা সহজ করা হবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় প্রবাসী কার্ডও অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসেবে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
বৈঠকে জানানো হয়, প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বিশেষ ইমিগ্রেশন বুথে অগ্রাধিকার, আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা, মৃত্যুর ক্ষেত্রে বিনা খরচে মরদেহ দেশে আনা, পুনর্বাসন ও বীমা সুবিধা, ভূমি ও বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্স–সংশ্লিষ্ট আর্থিক সুবিধা এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার ও ব্যাংকিং সেবায় অগ্রাধিকার পাবেন।
জানা গেছে, পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply